
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান জানিয়েছেন মো. সাহাবুদ্দিন। সোমবার (১৩ এপ্রিল) দেওয়া এক বাণীতে তিনি বলেন, পহেলা বৈশাখ আমাদের সর্বজনীন উৎসব, যা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসূত্রে গাঁথে।
রাষ্ট্রপতি উল্লেখ করেন, বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও আত্মপরিচয়ের প্রতীক। নতুন বছরের আগমনে মানুষ অতীতের গ্লানি পেছনে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা পায়।
তিনি বলেন, পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ কর্মসূচির সূচনা একটি যুগান্তকারী পদক্ষেপ, যা কৃষি খাতের উন্নয়ন ও কৃষকের জীবনমান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে সবাইকে আরও দায়িত্বশীল ও সংযমী হওয়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব হবে।
শেষে তিনি প্রত্যাশা করেন, নতুন বছর সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক এবং সব অশুভ দূর হয়ে যাক।
Published by AjkerNewsBD
Source: AjkerNewsBD