ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের পর এবার স্থানীয় সরকার নির্বাচনেও বাজিমাত করতে চায় ক্ষমতাসীন বিএনপি। আশানুরূপ ফলাফল আনতে এবং তৃণমূলের শৃঙ্খলা ধরে রাখতে এবার প্রতীক ছাড়া নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ব্যক্তি জনপ্রিয়তায় সবচেয়ে বেশি গুরুত্ব দেবে দলটি।
বর্ষা মৌসুমের পর আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশজুড়ে শুরু হতে যাচ্ছে স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের নির্বাচন। এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের।
দলীয় প্রতীক না থাকায় একাধিক প্রার্থী ঠেকাতে বিএনপি নতুন সমীকরণ নিয়ে এগোচ্ছে। তবে প্রতীকবিহীন এই নির্বাচন ব্যবস্থার সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী জানান, স্থানীয় সরকার নির্বাচনেও বাজিমাত করার লক্ষ্যে দল থেকে জনপ্রিয় ব্যক্তিদেরই সমর্থন দেওয়া হবে। পাশাপাশি কোথাও সাংগঠনিক দুর্বলতা দেখা দিলে দ্রুত নতুন কমিটি করে কাউন্সিল করা হবে।
অন্যদিকে, ফ্যামিলি কার্ড ও খাল খননের মতো সরকারের ইতিবাচক কর্মকাণ্ডের সুফল এই নির্বাচনে আসবে বলে আশাবাদী দলটির স্থায়ী কমিটির সদস্য ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি মনে করেন, প্রতিশ্রুতি পূরণের কারণে জনগণ স্থানীয় নির্বাচনেও বিএনপি সমর্থিত প্রার্থীদেরই বেছে নেবে।
Published by AjkerNewsBD

Leave a Reply