শরীয়তপুরের জাজিরায় ফসলি জমিতে কুড়িয়ে পাওয়া পরিত্যক্ত বোমা নিয়ে নাড়াচাড়া করার সময় ভয়াবহ ককটেল বিস্ফোরণে শিশুর হাতের কব্জি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার (২৯ মে) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার বিলাশপুর ইউনিয়নের চরধুপুর চর কান্দি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
আহত মো. রাহাত (১০) ওই গ্রামের সামসু মাদবরের ছেলে। সে সকালে বাড়ির পাশে একটি খামারে মরিচ তুলতে গিয়ে লাল কটেপ মোড়ানো জর্দার কৌটা সদৃশ একটি পরিত্যক্ত ককটেল দেখতে পায়।
কৌতুহলবশত অবুঝ শিশুটি সেটি হাতে তুলে নিয়ে নাড়াচাড়া করার একপর্যায়ে তীব্র শব্দে বিস্ফোরণ ঘটে। এই মারাত্মক ককটেল বিস্ফোরণে শিশুর হাতের ডান কব্জি শরীর থেকে উড়ে বিচ্ছিন্ন হয়ে যায় এবং স্প্লিন্টারের আঘাতে পুরো শরীর রক্তাক্ত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান। আহত রাহাতের পরিবারের অভিযোগ, স্থানীয় আধিপত্য ও বিরোধের জেরে প্রতিপক্ষকে ঘায়েল করতে কেউ এই ককটেল লুকিয়ে রেখেছিল।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। এলাকায় পূর্বশত্রুতার জেরে এই ককটেল রাখা হয়েছিল কি না, তা খতিয়ে দেখে দ্রুত কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Published by AjkerNewsBD

Leave a Reply