রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম এর অগ্রগতি স্বচক্ষে পর্যবেক্ষণ করতে বিভিন্ন স্পট ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার (২৯ মে) বিকেল ৪টা থেকে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন রুট ঘুরে দেখেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকার দুই সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম যথাযথভাবে হচ্ছে কিনা, তা সরাসরি দেখতেই প্রধানমন্ত্রীর এই ঝটিকা সফর।
প্রধানমন্ত্রী গুলশান এভিনিউর বাসা থেকে নিজে গাড়ি চালিয়ে বের হয়ে হাতিরঝিল, রামপুরা, মালিবাগ, বাসাবো, কমলাপুর, সায়েদাবাদ, যাত্রাবাড়ী এবং ধোলাইখাল এলাকা ঘুরে দেখেন। এরপর তাঁর গাড়ি দয়াগঞ্জ, নারিন্দা, নয়াবাজার, বংশাল, গুলিস্তান, শাহবাগ, এলিফ্যান্ট রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, নিউমার্কেট, কলাবাগান ও মহাখালী সড়ক প্রদক্ষিণ করে।
পরিদর্শনকালে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম দ্রুত ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। প্রধানমন্ত্রী বিভিন্ন সড়ক দিয়ে যাওয়ার সময় ট্রাফিক সিগন্যাল মেনে গাড়ি থামিয়েছেন বলেও জানান উপ-প্রেস সচিব।
সফরকালে প্রধানমন্ত্রীর গাড়িতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক মুহাম্মদ বেলায়েত হোসেন মৃধা এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম উপস্থিত ছিলেন।
Published by AjkerNewsBD

Leave a Reply