দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আগামীকাল শনিবার (৩০ মে) দিনব্যাপী নানা কর্মসূচি পালন করবে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।
আজ শুক্রবার (২৯ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে শ্রদ্ধা নিবেদন, খাদ্য ও বস্ত্র বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রমে অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শহীদ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আগামীকাল শনিবার বেলা ১১টায় রাজধানীর জিয়া উদ্যানে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতারাও উপস্থিত থাকবেন। শ্রদ্ধা নিবেদন শেষে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীর ১৬টি স্থানে দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করবেন তিনি।
এ ছাড়া সকালে জিয়াউর রহমান ফাউন্ডেশনের নেতাদের সঙ্গে নিয়ে সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দুস্থদের মাঝে সামগ্রী বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। পাশাপাশি কারওয়ান বাজারে এফডিসির সামনে আয়োজিত কর্মসূচিতে অংশ নেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
Published by AjkerNewsBD

Leave a Reply