গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপের পর্দা উঠতে বাকি আর মাত্র ১৩ দিন। দিন যত ঘনিয়ে আসছে, ফুটবলপ্রেমীদের মাঝে বিশ্বমঞ্চের পুরোনো সব রোমাঞ্চকর ইতিহাস নিয়ে আগ্রহ বাড়ছে। বিশেষ করে বিশ্বকাপে এক আসরে সর্বোচ্চ গোল করার রেকর্ডটি কার, এই প্রশ্ন উঠলেই সবার আগে চোখের সামনে ভেসে ওঠে ফ্রান্সের কিংবদন্তি স্ট্রাইকার জাস্ত ফন্টেইনের নাম।
১৯৫৮ সালের সুইডেন বিশ্বকাপে মাত্র ৬ ম্যাচ খেলে অবিশ্বাস্য ১৩টি গোল করেছিলেন তিনি, যা আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। তবে এই বিশ্ব রেকর্ডের পেছনে লুকিয়ে আছে এক চমৎকার ও সিনেমার মতো গল্প। ধার করা বুট পরে মাঠে নেমেই ফুটবল দুনিয়া ওলটপালট করে দিয়েছিলেন ফন্টেইন।
বিশ্বকাপে এক আসরে সর্বোচ্চ গোলের তালিকায় ফন্টেইনের ধারেকাছেও কেউ নেই। তালিকার দ্বিতীয় স্থানে হাঙ্গেরির স্যান্ডর কোকসিস (১১ গোল) এবং তৃতীয় স্থানে রয়েছেন পশ্চিম জার্মানির গার্ড মুলার (১০ গোল)।
১৯৫৮ সালের বিশ্বকাপে ফ্রান্সের মূল একাদশে খেলার তেমন কোনো আশাই ছিল না ফন্টেইনের। আর তাই সুইডেনের বিমানে ওঠার সময় নিজের সঙ্গে মাত্র এক জোড়া বুট নিয়েছিলেন তিনি। কিন্তু বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে প্রধান খেলোয়াড়দের চোটে পড়ার কারণে প্যারাগুয়ের বিপক্ষে উদ্বোধনী ম্যাচেই সুযোগ পেয়ে যান তিনি।
সুযোগ পেলেও বিশ্বকাপের শেষ অনুশীলন সেশনে ফন্টেইনের একমাত্র বুট জোড়া ছিঁড়ে যায়। ফন্টেইনের এই বিপদের দিনে ত্রাতা হয়ে এগিয়ে আসেন তাঁর সতীর্থ ও প্রতিযোগী ফুটবলার স্টেফেন ব্রুয়ি। ব্রুয়ি উদারতা দেখিয়ে নিজের বুট জোড়া ফন্টেইনকে ধার দেন।
আর সেই ধার করা বুট পায়ে দিয়েই মাঠে নেমে ‘জাস্তো’ যা করেছিলেন, তা ফুটবল ইতিহাসে রূপকথা হয়ে আছে। প্যারাগুয়ের বিপক্ষে হ্যাটট্রিক, যুগোস্লাভিয়া ও উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে জোড়া গোল, এবং সবশেষে পশ্চিম জার্মানির বিপক্ষে একাই ৪ গোল করে বিশ্বকাপে এক আসরে সর্বোচ্চ ১৩ গোলের অবিস্মরণীয় কীর্তি গড়েন এই ফরাসি কিংবদন্তি।
Published by AjkerNewsBD

Leave a Reply