কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ১

কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক

সাতক্ষীরার বিভিন্ন উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শ্যামনগরে গাছ চাপায় শারমিন (৯) নামের এক শিশুর মৃত্যু এবং উপকূলীয় গাবুরা ইউনিয়নে অসংখ্য কাঁচা ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে।

শুক্রবার বিকেলে হঠাৎ শুরু হওয়া এ ঝড়ে ঘরবাড়ির চাল উড়ে গিয়ে চরম বিপর্যয়ের মুখে পড়েছে নিম্ন আয়ের মানুষ। যার ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন।

নিহত শিশুর পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৫টার দিকে শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামে আকস্মিক এ ঝড় শুরু হয়। ওই সময় বাড়ির পাশে খেলার সময় ঝড়ের তীব্র বাতাসে একটি বড় তালগাছ ভেঙে শারমিনের ওপর পড়ে। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন চিকিৎসকেরা।

এদিকে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক আঘাত এসেছে জেলার উপকূলীয় অঞ্চল গাবুরা ইউনিয়নে। গাবুরার ৯ নম্বর সোরা এলাকায় ঝড়ের তীব্রতায় মুহূর্তের মধ্যে বেশ কয়েকটি নিম্ন আয়ের পরিবারের বসতঘরের টিনের চালা উড়ে গেছে।

ক্ষতিগ্রস্তরা জানান, আকস্মিক এই ক্ষতির পর নিজেদের টাকায় ঘর মেরামত করার সামর্থ্য তাঁদের নেই। শ্যামনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে এবং তাঁদের প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

Published by AjkerNewsBD

Leave a Reply

Your email address will not be published.

© 2026 AjkerNewsBD

Translate »