নিজ নিজ অবস্থানে থেকে সবাইকে দেশ গঠনের কাজে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার (৩০ মে) দুপুরে রাজধানীর ইসিবি চত্বরে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে দুস্থদের মধ্যে কাপড় ও খাবার বিতরণের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আজকের এই প্রোগ্রামটি রাস্তার মধ্যে আয়োজন করার কারণে সাধারণ মানুষের চলাচল ও গাড়ি চলাচলে সমস্যা হচ্ছে। মানুষের কষ্টের কথা বিবেচনা করে আমরা আজকের এই আয়োজনটি কিছুটা সংক্ষিপ্ত করেছি।
তারেক রহমান আরও বলেন, আমরা অঙ্গীকার করি সমাজের সবাই বিভিন্নভাবে একে অপরকে সাহায্য-সহযোগিতা করব। একজন নাগরিক হিসেবে যদি সবাই সবার নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসি, তাহলেই শহীদ জিয়াউর রহমানের প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, আসুন আমরা আজকে সেই কাজটি করি। আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে চেষ্টা করি যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেশ গঠনের কাজে সহযোগিতা করে যাচ্ছেন, তাঁদের পাশে দাঁড়াব। একজন সচেতন নাগরিক হিসেবে এটি আমাদের দায়িত্ব।
জনসাধারণের দুর্ভোগের কথা চিন্তা করে বিএনপি চেয়ারম্যান তাঁর বক্তব্য সংক্ষিপ্ত করেন। তিনি জানান, আজ আর দীর্ঘ আলোচনা করবেন না। ভবিষ্যতে অন্য কোনো সভা-সমাবেশে বসে সংগঠনকে কীভাবে আরও শক্তিশালী করা যায়, তা নিয়ে বিস্তারিত আলাপ-আলোচনা করা হবে।
Published by AjkerNewsBD

Leave a Reply