বাবা-মায়ের সঙ্গে ঈদের আনন্দে নানাবাড়ি যাচ্ছিল আড়াই বছরের শিশু রুহান। কিন্তু একটি দ্রুতগতির পিকআপের চাপায় মুহূর্তেই ম্লান হয়ে গেল সব আনন্দ। ময়মনসিংহে পিকআপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হয়েছেন বাবা মো. জাহাঙ্গীর (৩১) ও তাঁর সন্তান রুহান। এ ঘটনায় মা রূপালী আক্তার গুরুতর আহত হয়েছেন।
আজ শনিবার (৩০ মে) সকাল ৯টা ২০ মিনিটের দিকে ময়মনসিংহ সদর উপজেলার কোতোয়ালি থানাধীন ময়মনসিংহ-শেরপুর সড়কের আলালপুর আমতলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত জাহাঙ্গীর পেশায় একজন কাপড় ব্যবসায়ী। তিনি পরিবার নিয়ে ঢাকায় থাকতেন এবং ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে এসেছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিচালিত অটোরিকশাটি আলালপুর আমতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এই তীব্র সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই প্রাণ হারান বাবা ও ছেলে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ জানান, জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালায়। সড়কে পিকআপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনা কবলিত যান দুটি জব্দ করা হয়েছে এবং ঘাতক চালককে আটকে পুলিশ অভিযান চালাচ্ছে।
Published by AjkerNewsBD

Leave a Reply