প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেন।
আজ সিলেটে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নেয় টাইগাররা। এর আগে মিরপুরে প্রথম টেস্টে ১০৪ রানে জিতেছিল বাংলাদেশ।
ঐতিহাসিক এই জয়ে ২-০ ব্যবধানে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ নিজেদের করে নেওয়ার পাশাপাশি সফরকারীদের হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ ক্রিকেট দল।
এই গৌরবময় জয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারতকে পেছনে ফেলে পঞ্চম স্থানে উঠে এলো বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের অর্জন ৫৮.৩৩ শতাংশ পয়েন্ট, যেখানে ভারত ৪৮.১৫ শতাংশ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান এক অভিনন্দন বার্তায় আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এমন অভাবনীয় সাফল্য আগামীতেও অব্যাহত থাকবে। এই অনন্য অর্জন দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও বেশি অনুপ্রাণিত করবে বলে তিনি মনে করেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, দলীয় ঐক্য, নিখুঁত শৃঙ্খলা ও আত্মবিশ্বাস ধরে রেখে বাংলাদেশ ক্রিকেট দল ভবিষ্যতে বিশ্বমঞ্চে আরও এগিয়ে যাবে। ঐতিহাসিক এই অর্জনের জন্য তিনি খেলোয়াড়, কোচিং স্টাফ ও ক্রিকেট সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।
