চার হাজারেরও বেশি বাংলাদেশি সদস্যসহ ৫০ হাজারের বেশি শান্তিরক্ষীর অসামান্য বীরত্ব ও আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে জাতিসংঘ। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে শ্রদ্ধা জানিয়ে বিশ্ব সংস্থাটি শান্তিরক্ষীদের নিষ্ঠা ও সাহসিকতার এই বৈশ্বিক স্বীকৃতি প্রদান করে।
এবারের দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শান্তিতে বিনিয়োগ’। বাংলাদেশে জাতিসংঘ কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বিশ্বশান্তিতে আর্থিক ও রাজনৈতিক বিনিয়োগ বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস দিবসটি উপলক্ষে বিশেষ বাণী দিয়েছেন। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, শান্তিরক্ষীরা বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকায় বেসামরিক মানুষকে সুরক্ষা দিচ্ছেন।
তিনি ১৯৪৮ সাল থেকে দায়িত্ব পালনকালে প্রাণ হারানো প্রায় সাড়ে ৪ হাজার শান্তিরক্ষীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। শান্তিরক্ষীদের ওপর হামলা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন উল্লেখ করে তিনি কর্মীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান।
মহাসচিবের মতে, শান্তিরক্ষায় বিনিয়োগ করার অর্থ হলো একটি নিরাপদ এবং সুন্দর ভবিষ্যতে বিনিয়োগ করা। আগামী ৫ জুন জাতিসংঘ সদর দপ্তরে নিহত কর্মীদের স্মরণে মরণোত্তর ড্যাগ হ্যামারশোল্ড পদক প্রদান করা হবে।
অনুষ্ঠানে ‘ইউএন মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অব দ্য ইয়ার’ পুরস্কারও দেওয়া হবে। দিবসটি উপলক্ষে আয়োজিত বিশেষ ব্রিফিংয়ে বক্তব্য দেবেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জাঁ-পিয়ের লাক্রোয়া।
Published by AjkerNewsBD

Leave a Reply