শাহরুজ্জামান মোর্ত্তজার নামাজে জানাজা অনুষ্ঠিত

শাহরুজ্জামান মোর্ত্তজার নামাজে জানাজা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, খুলনা মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহরুজ্জামান মোর্ত্তজা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৩০ মে) ফজরের পর খুলনা নগরীর নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দুপুরের দিকে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তাঁর মরদেহ খুলনা মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে নেওয়া হয় এবং দলীয় পতাকায় আচ্ছাদিত করে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা।

বাদ আছর খুলনা শহীদ হাদিস পার্কে বীর মুক্তিযোদ্ধা শাহরুজ্জামান মোর্ত্তজার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে প্রবীণ এই নেতাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় সম্মান (গার্ড অব অনার) প্রদর্শন করা হয়। এরপর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষেও মরহুমের প্রতি ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

ঐতিহাসিক শহীদ হাদিস পার্কে শাহরুজ্জামান মোর্ত্তজার নামাজে জানাজা-য় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের ঢল নামে। জানাজায় কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, মহানগর বিএনপি সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টুসহ খুলনার স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, শিক্ষাবিদ, সাংবাদিক ও সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন। জানাজা শেষে টুটপাড়া কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

এদিকে বীর মুক্তিযোদ্ধা শাহরুজ্জামান মোর্ত্তজার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এমপি এবং খুলনা মহানগর ও জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। এক যৌথ শোকবার্তায় তাঁরা মরহুমের বর্ণাঢ্য রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা স্মরণ করে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

Published by AjkerNewsBD

Leave a Reply

Your email address will not be published.

© 2026 AjkerNewsBD

Translate »