হরমুজ প্রণালি উন্মুক্ত: ‘বাংলার জয়যাত্রা’ জাহাজের যাত্রা পুনরায় শুরু

হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত ঘোষণার পর আবারও যাত্রা শুরু করেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। সংযুক্ত আরব আমিরাতের মিনা সাকার বন্দরের বহির্নোঙর থেকে নোঙর তুলে জাহাজটি এখন হরমুজ প্রণালির দিকে অগ্রসর হচ্ছে।

বাংলাদেশ সময় শুক্রবার রাতে করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক জানান, জাহাজটি বর্তমানে হরমুজ প্রণালি থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছে। প্রয়োজনীয় চূড়ান্ত অনুমতি পেলে একই রাতেই প্রণালি অতিক্রম করার পরিকল্পনা রয়েছে।

জাহাজটির ক্যাপ্টেন মো. শফিকুল ইসলাম বলেন, তারা ইতোমধ্যে নোঙর তুলে যাত্রা শুরু করেছেন এবং ধীরে ধীরে হরমুজের দিকে এগিয়ে যাচ্ছেন।

‘বাংলার জয়যাত্রা’ জাহাজটিতে প্রায় ৩৭ হাজার টন সার রয়েছে। এর পরবর্তী গন্তব্য দক্ষিণ আফ্রিকার কেপ টাউন ও ডারবান বন্দর।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল যুদ্ধবিরতির পর জাহাজটি সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে হরমুজ প্রণালি অতিক্রমের উদ্দেশ্যে রওনা দেয়। তবে প্রয়োজনীয় অনুমতি না পাওয়ায় সেই যাত্রা সফল হয়নি।

এর আগেও একবার জেবেল আলী বন্দর থেকে একই পথে যাত্রা শুরু করলেও সংযুক্ত আরব আমিরাতের কোস্ট গার্ডের সতর্কবার্তার কারণে জাহাজটিকে ফিরে আসতে হয়েছিল।

বর্তমানে জাহাজটিতে মোট ৩১ জন বাংলাদেশি নাবিক রয়েছেন এবং তারা নিরাপদে গন্তব্যে পৌঁছানোর অপেক্ষায় রয়েছেন।

Published by AjkerNewsBD

Source: AjkerNewsBD

© 2026 AjkerNewsBD

Translate »

© 2026 AjkerNewsBD | All rights reserved