কোরবানির হাটে ঝড় তোলা অ্যালবিনো জাতের আলোচিত মহিষটির নতুন ঠিকানা এখন ঢাকার জাতীয় চিড়িয়াখানা। ভাইরাল হওয়া মহিষ ডনাল্ড ট্রাম্প চিড়িয়াখানায় আসায় দর্শনার্থীদের মাঝে ব্যাপক কৌতুহল তৈরি হয়েছে।
এই মহিষটির অদ্ভুত আকৃতির মুখমণ্ডল আর মাথার সোনালী চুলের কারণে তার নাম রাখা হয়েছিল ডনাল্ড ট্রাম্প। দেখতে মার্কিন প্রেসিডেন্টের মতো হওয়ায় মহিষটি আন্তর্জাতিক গণমাধ্যমেও বেশ আলোচিত হয়।
বিরল প্রজাতির এই প্রাণীর সুরক্ষায় সরকারের বিশেষ হস্তক্ষেপে কোরবানি বাতিল করে মহিষ ডনাল্ড ট্রাম্প চিড়িয়াখানায় পাঠানো হয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এটিকে ৭ নম্বর সেডে রাখা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছেন, ৭০০ কেজি ওজনের এই মহিষটি দেখতে অদ্ভুত হলেও স্বভাবগতভাবে মোটেও শান্ত নয়। তাই কোরবানির ঈদে দর্শনার্থীদের দূর থেকে এটি দেখার পরামর্শ দেওয়া হয়েছে।
মহিষটির মালিক জিয়াউদ্দিন মৃধা জানান, প্রায় ১ বছর আগে রাজশাহীর একটি হাট থেকে এটি কেনা হয়েছিল। কোরবানি না হয়ে মহিষটি বেঁচে থাকায় তারা মানসিক শান্তি পাচ্ছেন।
রয়টার্স ও এএফপিসহ বিশ্বের নামকরা সব গণমাধ্যমে এই বিরল গোলাপি মহিষটিকে নিয়ে সংবাদ প্রচার করা হয়েছিল। এখন থেকে জাতীয় চিড়িয়াখানায় মানুষের বিনোদনের খোরাক যোগাবে এই ট্রাম্প।
Published by AjkerNewsBD

Leave a Reply