দীর্ঘ বিরতির পর আবারও গানে ফিরলেন জনপ্রিয় চিত্রনায়িকা ও সংগীতশিল্পী নুসরাত ফারিয়া। ঈদ উপলক্ষে নুসরাত ফারিয়ার নতুন গান ‘লোকে বলে’ গতকাল ইউটিউবে প্রকাশ পেয়েছে।
এই ফোক-পপ ঘরানার গানটির মাধ্যমে ঈদের উদযাপনের ভাইব ছড়িয়ে দিয়েছেন এই গায়িকা। গানটি এসভিএফ-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হয়েছে।
গানটির সবচেয়ে বড় চমক হলো, এই প্রথম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুরকার ফুয়াদ আল মুক্তাদিরের সংগীতে কণ্ঠ দিয়েছেন তিনি। ফলে নুসরাত ফারিয়ার নতুন গান নিয়ে ভক্তদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
গানের কথা লিখেছেন তাহজিব এম বন্ধন এবং মিউজিক ভিডিও পরিচালনা করেছেন ভারতের বাবা যাদব। গানের ভিডিওতে ফারিয়াকে একাধিক আকর্ষণীয় ও গ্ল্যামারাস লুকে দেখা গেছে।
ভিডিওর শুরুতে ফুয়াদ আল মুক্তাদিরের স্টাইলিশ উপস্থিতি এবং পরে ফারিয়ার প্রাণবন্ত নাচ দর্শকের নজর কেড়েছে। গানটি প্রকাশের পর ফারিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের ঈদ মোবারক জানিয়েছেন।
২০১৮ সালে ‘পটাকা’ গান দিয়ে গায়িকা হিসেবে যাত্রা শুরু করেছিলেন নুসরাত ফারিয়া। নতুন এই গানটিও আগের গানগুলোর মতো দারুণ সাফল্য পাবে বলে আশা করছেন ভক্তরা।
Published by AjkerNewsBD

Leave a Reply