ছয় জেলায় ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ২ নম্বর সংকেত

ছয় জেলায় ঝড়ের আশঙ্কা

আজ সন্ধ্যার মধ্যে দেশের ছয় জেলায় ঝড়ের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা সতর্ক বার্তায় বলা হয়, সন্ধ্যার মধ্যে বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজারের ওপর দিয়ে এই ঝড় বয়ে যেতে পারে। এই ছয় জেলায় ঝড়ের আশঙ্কা থাকায় সেখানকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশের অন্যত্র ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে যেতে পারে। বৃষ্টি ও বজ্রপাতের এই পরিস্থিতিতে অন্যান্য এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Published by AjkerNewsBD

Leave a Reply

Your email address will not be published.

© 2026 AjkerNewsBD

Translate »