দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের পর থেকে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় ও বৃষ্টি বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
আজ মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস দেশের এই অঞ্চলগুলোতে বিশেষ সতর্কতা জারি করেছে।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সেসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
