দেশে সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না, অপরাধীদের চিরতরে নির্মূল করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জঙ্গল সলিমপুরসহ অন্যান্য জায়গায় র্যাব ও পুলিশের ওপর যে হামলা হয়েছে, সেটা আমরা খুব গভীরভাবে দেখেছি।
মঙ্গলবার দুপুরে পুলিশ সদর দপ্তরের এনসিকম ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সম্প্রতি চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেন।
তিনি স্পষ্ট করে বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে এবং সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছর দেশে আইনের শাসন ছিল না এবং দুর্বৃত্তায়নের একটা মহামারি ছিল। জঙ্গল সলিমপুরকে অতীতে রাষ্ট্রের ভেতরে আরেকটি রাষ্ট্র হতে দেখা গেছে, যা পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
সেখানে যৌথ অভিযানের মাধ্যমে অনেক অবৈধ অস্ত্র উদ্ধার এবং দাগী আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। ওই এলাকায় পুলিশ একাডেমি, র্যাব একাডেমি, ক্রীড়া কমপ্লেক্স এবং জেলা কারাগারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা নির্মাণের পরিকল্পনা রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সন্ত্রাসীরা সেখানে তাদের পুরোনো অবস্থান ধরে রাখতে চাইছে। তবে তারা যে উদ্ধত আচরণ ও দুঃসাহস দেখিয়েছে, সরকার তা খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে। দেশে মাদক ব্যবসায়ী কিংবা চাঁদাবাজদের কোনো জায়গা হবে না।
সীমান্ত পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, সীমান্তে কোনো সমস্যা হলে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে সমাধান করা হয়। সম্প্রতি কিছু জায়গায় পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনা ঘটলেও জাতীয়ভাবে উত্তেজনা তৈরির মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি।
এদিকে জঙ্গল সলিমপুরের ঘটনা প্রসঙ্গে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাবের) মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ জানান, হামলাটি মূলত র্যাবের মূল ক্যাম্পে হয়নি। একটি নতুন বিশেষ ক্যাম্প স্থাপন করার উদ্যোগ নেওয়ার সময় দস্যুরা অতর্কিত হামলা চালায়।
র্যাব ডিজি স্বীকার করেন যে তাদের কিছুটা অসাবধানতা বা মনিটরিংয়ের দুর্বলতা ছিল। তবে তিনি দৃঢ়তার সাথে বলেন, র্যাবকে ওভার পাওয়ার করার মতো শক্তি সন্ত্রাসীদের নেই। এই ঘটনায় ইতিমধ্যেই প্রায় ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অপরাধীদের সম্পূর্ণ উচ্ছেদ করা হবে।
Published by AjkerNewsBD

Leave a Reply