শিশু রামিসা হত্যার বিচার চাইলেন নিগার সুলতানা

রামিসা হত্যার বিচার চাই

শিশু রামিসা হত্যাকাণ্ডে গভীর শোক ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন এক পোস্টে ছোট্ট এই শিশুর হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে টাইটেল ক্যাপশনে জ্যোতি লিখেছেন, “ফুল ফুটবে না, ফুল ফুটবে না, ফুল আর ফুটবে না, ফুল আর কখনো ফুটবে না… রামিসা হত্যার বিচার চাই! Justice for Ramisa।”

টাইগার অধিনায়কের এই পোস্টটি মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই পোস্টটি শেয়ার করে শিশুটির নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

শিশু রামিসার মৃত্যুর এই পৈশাচিক ঘটনাটি ইতিমধ্যে দেশজুড়ে ব্যাপক তোলপাড় ও আলোচনার জন্ম দিয়েছে। অভিযোগ রয়েছে, পাষণ্ডরা নির্মম নির্যাতনের পর তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে।

এই নৃশংস ঘটনাটি গণমাধ্যমে সামনে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সর্বস্তরের মানুষের মাঝে ক্ষোভ, শোক ও প্রতিবাদের ঝড় বইছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অপরাধীদের ফাঁসির দাবি তুলছেন।

এবার দেশের ক্রীড়াঙ্গন থেকেও এই পৈশাচিক ঘটনার তীব্র প্রতিক্রিয়া আসছে। সেই প্রতিবাদী তালিকায় এবার যোগ হলো নারী ক্রিকেট দলের সফল অধিনায়ক জ্যোতির নাম। মাঠের দক্ষ নেতৃত্বের বাইরেও সামাজিক ও নানা মানবিক ইস্যুতে এর আগেও নিগার সুলতানাকে বেশ সরব হতে দেখা গেছে।

Published by AjkerNewsBD

Leave a Reply

Your email address will not be published.

© 2026 AjkerNewsBD

Translate »