হাসপাতাল ভবনের তৃতীয় তলায় আগুন: ৫ জন আহত

হাসপাতাল ভবনের তৃতীয় তলায়

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল ভবনের তৃতীয় তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।

এতে রোগী ও স্বজনদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর হুড়োহুড়ির মধ্যে নামতে গিয়ে অন্তত পাঁচজন আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাসপাতাল ভবনের তৃতীয় তলায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আহতদের মধ্যে হাসপাতালের স্টাফ, নার্স এবং ফায়ার সার্ভিসের সদস্য রয়েছেন।

গুরুতর আহত দুজন নার্সকে চিকিৎসার জন্য স্থানীয় একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।

ধারণা করা হচ্ছে, স্টোর রুমের শর্টসার্কিট বা এসি বিস্ফোরণ থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে।

আগুন ও ঘন ধোঁয়ায় অপারেশন থিয়েটার (ওটি) ও পোস্ট অপারেটিভ ওয়ার্ডে অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতির সৃষ্টি হয়।

পরে পোস্ট অপারেটিভ ও আইসিইউর গুরুতর রোগীদের পেছনের দরজা দিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সরকার মাসুদ আহমেদ জানান, ভবনের গেট তালাবদ্ধ থাকায় ভেতরে প্রবেশে কিছুটা বেগ পেতে হয়েছে।

পরে তালা ও গ্রিল ভেঙে বেলকনিতে আটকে পড়া বেশ কয়েকজন নার্সকে নিরাপদে উদ্ধার করা হয়।

হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. হোসেন আলী জানান, প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে।

Published by AjkerNewsBD

Leave a Reply

Your email address will not be published.

© 2026 AjkerNewsBD

Translate »