খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রোগীদের রেবিট ভ্যাকসিন টাকা দিয়ে কেনার ঘটনা সরেজমিন পরিদর্শনে এসে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি হাসপাতাল তত্ত্বাবধায়ককে ধমক দেন এবং নানা অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন।
বুধবার সকালে আকস্মিকভাবে খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এবং জেলা প্রশাসক হুরে জান্নাত।
পরিদর্শনে গিয়ে হাসপাতালের রান্নাঘরে রোগীদের জন্য তৈরি করা কুমড়োর সবজি মুখে দিয়ে ফেলে দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি প্রশ্ন তোলেন, “এ ধরনের তরকারি আপনাদের বাসায় রান্না হলে কি খেতেন?” এ সময় তিনি ভালো মানের খাবার সরবরাহের কড়া নির্দেশ দেন।
এরপর মন্ত্রী রেবিট ভ্যাকসিন কর্নার পরিদর্শন করেন। সেখানে রোগীরা সরাসরি অভিযোগ করেন যে, হাসপাতালে ভ্যাকসিন না থাকায় বাধ্য হয়ে বাইরে থেকে চড়া মূল্যে তা কিনতে হচ্ছে।
এ পরিস্থিতি দেখে স্বাস্থ্যমন্ত্রী চরম ক্ষোভ প্রকাশ করেন এবং হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম গাজীকে জবাবদিহির মুখে ফেলেন। তত্ত্বাবধায়ক সরবরাহ সংকটের অজুহাত দিলেও মন্ত্রী তাৎক্ষণিকভাবে ঢাকায় ফোন করে জানতে পারেন, ভ্যাকসিন আনার জন্য হাসপাতাল থেকে যথাযথ কোনো উদ্যোগই নেওয়া হয়নি।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, স্বাস্থ্য খাতে কোনো ধরনের অনিয়ম ও অব্যবস্থাপনা সহ্য করা হবে না। পরিদর্শনের পুরো সময়জুড়ে হাসপাতালের নানা অনিয়ম ও রোগীদের দুর্ভোগ দেখে মন্ত্রী আগামীতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেন।
Published by AjkerNewsBD

Leave a Reply