খুলনার একটি ঘের থেকে ওমর ফারুক রাব্বি (৩২) নামের এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা মহানগরীর দৌলতপুর থানার মহেশ্বরপাশা পশ্চিমপাড়া খুটিরঘাট এলাকার একটি মৎস্য ঘের থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ওমর ফারুক খানজাহান আলী থানার জাব্দিপুর এলাকার বাসিন্দা ইব্রাহিম শেখের ছেলে।
দৌলতপুরের ওই ঘের থেকে ওমর ফারুক এর লাশ উদ্ধারের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মহেশ্বরপাশা পশ্চিমপাড়া এলাকার একটি ঘেরে যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুপুরের দিকে মরদেহটি জলশয় থেকে উদ্ধার করে।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘদিন যাবত ওমর ফারুক রাব্বী মোস্তর মোড় এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতো। তার গ্রামের বাড়ী সাতক্ষীরা জেলায়।
পুলিশের সুরতহাল প্রতিবেদনে নিহত যুবকের মাথায় ও বুকে দু’টি স্পষ্ট গুলির চিহ্ন পাওয়া গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতে যেকোনো সময় তাকে প্রতিপক্ষরা হয়তো গুলি করে নৃশংসভাবে হত্যার পর লাশ লুকানোর উদ্দেশ্যে ঘেরে ফেলে রেখে যায়।
ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।
এই লোমহর্ষক হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও এর সাথে জড়িত খুনিদের দ্রুত শনাক্ত করতে পুলিশ ইতিমধ্যেই মাঠে নেমেছে এবং ব্যাপক তদন্ত শুরু করেছে বলে তিনি জানান।
Published by AjkerNewsBD

Leave a Reply