প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে

ফকিরহাটে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে রাছেক শেখ ওরফে সাইজে নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

শনিবার ভুক্তভোগীর বাবা ফকিরহাট মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

লোমহর্ষক এই প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে আজ দুপুরে অভিযুক্তকে নিজ এলাকা থেকে আটক করা হয়।

পুলিশ জানায়, উপজেলার সাতশৈয়া এলাকায় ১৬ বছর বয়সী এক কিশোরী ধর্ষণের শিকার হয়ে গর্ভবতী হয়ে পড়ে।

শারীরিক পরিবর্তন ও অসুস্থতার লক্ষণ দেখে তার মা প্রথমে বিষয়টি অনুমান করেন।

গত শুক্রবার প্রেগনেন্সি কিট দিয়ে পরীক্ষা করলে কিশোরীর গর্ভধারণের বিষয়টি নিশ্চিতভাবে ধরা পড়ে।

পরে স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসনোগ্রাম করে এর চূড়ান্ত সত্যতা মেলে।

পরিবারের সদস্যরা ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে ভুক্তভোগী কিশোরী অভিযুক্ত ওই বৃদ্ধের নাম প্রকাশ করে।

পরবর্তীতে ওই কিশোরীর গর্ভপাত ঘটলে একটি মানবভ্রূণ বের হয় বলে জানা গেছে।

ভ্রূণটি বর্তমানে ডিএনএ টেস্টের জন্য পরিবারের পক্ষ থেকে সাবধানে সংরক্ষণ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, ভিকটিমের ছোট ভাই স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসায় আবাসিক ছাত্র।

পরিবারের সদস্যরা সেখানে নিয়মিত ভাইয়ের জন্য খাবার পৌঁছে দিতেন।

মাঝে মধ্যে ওই কিশোরীও ভাইয়ের জন্য খাবার নিয়ে মাদ্রাসায় যেত।

মাদ্রাসায় যাওয়ার পথে সড়কের পাশে অভিযুক্ত রাছেক শেখের একটি মুদি দোকান রয়েছে।

গত মার্চ মাসের শেষ সপ্তাহে দুপুরে ভাইয়ের খাবার দিয়ে ফেরার পথে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যক্তি তাকে ফুসলিয়ে দোকানের ভেতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

ভয়ভীতি দেখানোর কারণে ভুক্তভোগী এতদিন বিষয়টি কাউকে জানাতে পারেনি বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, থানায় ভিকটিমের বাবার দেওয়া লিখিত অভিযোগ আমরা পেয়েছি।

ইতিমধ্যেই অভিযুক্ত রাছেক শেখকে আটক করা হয়েছে এবং আইনি ব্যবস্থা গ্রহণের কাজ প্রক্রিয়াধীন।

Translate »