ইয়াবা বিক্রি করতে এসে বগুড়ায় ২ পুলিশ সদস্য গ্রেফতার

ইয়াবা বিক্রি করতে এসে

বগুড়া শহরে ৩০০ পিস ইয়াবা বিক্রি করতে এসে হাতেনাতে গ্রেফতার হয়েছেন ২ পুলিশ সদস্য।

শনিবার সকাল ১০টার দিকে শহরের তিনমাথা রেলগেট এলাকা থেকে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাদের গ্রেফতার করে।

অভিযুক্তরা সেখানে মাদক চক্রের অন্য সদস্যদের কাছে ইয়াবা বিক্রি করতে এসে ডিবির জালে আটকা পড়েন।

গ্রেফতার হওয়া ২ পুলিশ সদস্য হলেন- সাইদুর রহমান (৩২) ও আব্দুল ওয়াহাব (৪০)।

তাদের মধ্যে সাইদুর রহমান জয়পুরহাট জেলায় এসএএফ-এ কর্মরত আছেন।

আর আব্দুল ওয়াহাব রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কর্মরত ছিলেন; তবে মাদকসংশ্লিষ্টতার কারণে বর্তমানে তিনি চাকরিচ্যুত।

বগুড়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনমাথা রেলগেট এলাকায় ডিবির একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে।

ডিবি সদস্যরা সেখানে ক্রেতা সেজে অবস্থান নেন। পরে ইয়াবা বিক্রি করতে এলে ওই ২ পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়।

এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, ‘গ্রেফতার হওয়া দুই আসামির বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে গত বছরের ৩১ মে বগুড়া শহরের পুলিশ প্লাজা এলাকা থেকে আব্দুল ওয়াহাবসহ তিন পুলিশ সদস্য ও একজন আনসার ব্যাটালিয়ন সদস্য ৮৫০ পিস ইয়াবাসহ ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন।

ওই ঘটনার পরই আব্দুল ওয়াহাবকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। জামিনে বেরিয়ে তিনি আবারও ইয়াবা কারবারে জড়িয়ে পড়েন।

Published by AjkerNewsBD

Leave a Reply

Your email address will not be published.

© 2026 AjkerNewsBD

Translate »