জাস্টিস কার্ড চালুর জোর দাবি হাসনাত আব্দুল্লাহর

জাস্টিস কার্ড চালুর জোর

দেশে বিভিন্ন খাতে নানা ধরনের কার্ড চালু হলেও সাধারণ মানুষ এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত। তাই সরকারের কাছে জাস্টিস কার্ড চালুর জোর দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

বুধবার সন্ধ্যায় কুমিল্লার নাঙ্গলকোটে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

পথসভায় বক্তব্য দিতে গিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, “ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ নানা ধরনের কার্ড দেয়া হচ্ছে, কিন্তু জনগণ ন্যায়বিচার পাচ্ছে না। আমরা তাই সরকারের কাছে জাস্টিস কার্ড চালুর জোর দাবি জানাচ্ছি।”

তিনি ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, দেশে এখনও আইসিইউ সংকট, ঘুষ ছাড়া চাকরি না পাওয়া এবং থানাকেন্দ্রিক দালালচক্রের দৌরাত্ম্য অব্যাহত রয়েছে। ফলে সাধারণ মানুষ তাদের ন্যায্য সেবা থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে।

জনগণের মৌলিক চাহিদা পূরণে সরকার ব্যর্থ হয়েছে উল্লেখ করে এই সংসদ সদস্য আরও বলেন, দেশে বিচারহীনতা, দুর্নীতি ও দমন-পীড়নের সংস্কৃতি বিদ্যমান রয়েছে। সেই সঙ্গে সাধারণ মানুষের মতপ্রকাশের স্বাধীনতাও সংকুচিত হয়েছে।

গুম ও হত্যার ঘটনা পুরোপুরি বন্ধ হয়নি দাবি করে তিনি বলেন, বিচার না পাওয়ার আশঙ্কায় অনেক ভুক্তভোগী এখন আইনি সহায়তা বা বিচার চাওয়াই বন্ধ করে দিচ্ছেন।

তিনি মনে করেন, দেশে সর্বস্তরে ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত সরকারের সব ভালো উদ্যোগই জনগণের কাছে প্রশ্নবিদ্ধ থাকবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন, দুর্নীতি দমন এবং বিচারব্যবস্থায় স্বচ্ছতা ফিরিয়ে আনার জোরালো আহ্বান জানান তিনি।

পথসভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, কেন্দ্রীয় নেতা রিফাত রশিদ এবং কুমিল্লা জেলা তত্ত্বাবধায়ক নাবিদ নওরোজ শাহসহ স্থানীয় নেতাকর্মীরা।

Published by AjkerNewsBD

Leave a Reply

Your email address will not be published.

© 2026 AjkerNewsBD

Translate »