সরকারি নতুন পে স্কেল: ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত

সরকারি নতুন পে স্কেল

২০২৬-২৭ অর্থবছর থেকেই সরকারি চাকরিজীবীদের জন্য সরকারি নতুন পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ১ জুলাই থেকেই এই নতুন বেতন কাঠামো কার্যকর করার প্রক্রিয়া শুরু হবে।

মন্ত্রণালয় সূত্রে আরও জানা গেছে, তিন অর্থবছরে এই কাঠামো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হতে পারে। প্রস্তাবনা অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামোর মূল বেতনের ৫০ শতাংশ এবং ২০২৭-২৮ অর্থবছরে বাকি ৫০ শতাংশ প্রদানের পরিকল্পনা রয়েছে। এরপর ২০২৮-২৯ অর্থবছরে অন্যান্য ভাতাগুলো যুক্ত করা হতে পারে। গত জানুয়ারিতে জমা দেওয়া জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনে গ্রেডভেদে বেতন-ভাতা ১০০ থেকে ১৪৭ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

এই সরকারি নতুন পে স্কেল নিয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে, যেখানে তাদের মূল বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রস্তাব রয়েছে। এছাড়া ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় রেখে বেতন বৃদ্ধির বিশেষ সুপারিশ করা হয়েছে। তবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা এখনও তাদের প্রাপ্তি নিয়ে কিছুটা অনিশ্চয়তায় রয়েছেন। অর্থ মন্ত্রণালয় ও পে কমিশনের কর্মকর্তাদের মতে, সরকারি বেতন কাঠামোর আওতায় থাকা সকল কর্মচারীই নতুন পে স্কেলের সুবিধা পাবেন। চূড়ান্ত প্রজ্ঞাপন প্রকাশের অপেক্ষায় এখন সরকারি চাকরিজীবী ও শিক্ষক সমাজ।

Translate »