মে মাসের ২২ দিনেই এলো ২৮০ কোটি ডলার রেমিট্যান্স

ডলারের প্রবাসী আয় বা

চলতি মে মাসের প্রথম ২২ দিনে দেশে ২৮০ কোটি ২৪ লাখ ১০ হাজার মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে।

বাংলাদেশি মুদ্রায় এর মোট পরিমাণ দাঁড়ায় ৩৪ হাজার ৩৯৯ কোটি ৫৮ লাখ ২৭ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা হিসাবে)।

শনিবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান অর্থনীতির এই ইতিবাচক তথ্য নিশ্চিত করেছেন।

রেকর্ড পরিমাণ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্সের এই প্রবাহকে দেশের বর্তমান রিজার্ভের জন্য স্বস্তিদায়ক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, গত দুইদিনেই (২১ ও ২২ মে) দেশে প্রবাসী আয় এসেছে দুই হাজার ২১৪ কোটি ২৮ লাখ ৭২ হাজার টাকা।

গত বছরের মে মাসের প্রথম ২২ দিনে রেমিট্যান্স এসেছিল ২০৯ কোটি ১০ হাজার মার্কিন ডলার।

সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বা রেমিট্যান্সের পরিমাণ বেড়েছে ৩৪ দশমিক ৯০ শতাংশ।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ২২ মে পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে তিন হাজার ২১৩ কোটি ৫৪ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল দুই হাজার ৬৬২ কোটি ৭২ লাখ ৭০ হাজার ডলার।

অর্থাৎ, গত অর্থবছরের তুলনায় এ বছর একই সময়ে দেশের প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২০ দশমিক ৬৯ শতাংশ।

Translate »