নতুন স্পিকার নির্বাচনের মধ্য দিয়েই শুক্রবার থেকে শুরু হলো পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম অধিবেশন। অধিবেশনের শুরু থেকেই শাসক ও বিরোধী দলের স্লোগান-পাল্টা স্লোগানে কক্ষ উত্তপ্ত হয়ে ওঠে।
নবনির্বাচিত স্পিকার রথীন্দ্রনাথ দায়িত্ব নেওয়ার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বক্তব্য রাখার সুযোগ দেন। মুখ্যমন্ত্রী বিধানসভায় গঠনমূলক বিরোধিতার আহ্বান জানান।
উত্তেজনার এক পর্যায়ে তৃণমূল বিধায়কদের ওয়াকআউটের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম অধিবেশন ভিন্ন মাত্রা পায়। পরে অবশ্য তারা কক্ষে ফিরে আসেন।
বিরোধীদলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় তাঁর বক্তৃতায় ভোট-পরবর্তী হিংসার প্রসঙ্গ তুলে ধরেন। তিনি ঘরছাড়া মানুষদের নিরাপদে বাড়ি ফেরানোর দাবি জানান।
জবাবে মুখ্যমন্ত্রী বলেন, কেউ ঘরছাড়া থাকার তথ্য তাঁর জানা নেই। তবে সুনির্দিষ্ট অভিযোগ না থাকলে পুলিশ সবাইকে বাড়ি ফিরতে সাহায্য করবে।
অধিবেশন শুরুর আগে বিজেপির ‘ভারত মাতা কি জয়’ স্লোগানের জবাবে তৃণমূল ‘জয় বাংলা’ স্লোগান দেয়। এতে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে ওঠে।
তৃণমূল বিধায়কেরা জাতীয় সঙ্গীত সঠিকভাবে গাওয়া হয়নি বলে অভিযোগ তোলেন। এই অযুহাতেই তারা প্রথম দিন কক্ষ ত্যাগ করেছিলেন।
সব মিলিয়ে প্রথম দিনেই পশ্চিমবঙ্গ বিধানসভার রাজনৈতিক উত্তাপ ছিল তুঙ্গে। নতুন সরকারের প্রথম কার্যদিবসেই তীব্র সংঘাতের আভাস মিলেছে।
