এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তাঁর স্ত্রীর মালিকানাধীন একটি বিলাসবহুল বাড়ি জব্দ করেছে সাইপ্রাস। ব্যাংক জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগে সাইপ্রাসে এস আলমের বাড়ি জব্দ করার এই আদেশ দিয়েছে নিকোসিয়া জেলা আদালত।
দুই দেশের পারস্পরিক আইনি সহযোগিতা প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ সরকারের পাঠানো অনুরোধের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশটির লিমাসসোল জেলার পারেক্লিসিয়ায় অবস্থিত এই দোতলা আবাসিক ভবনটি জব্দ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন, এই মামলার সঙ্গে প্রায় ৮০০ কোটি ইউরোর বেশি অর্থ পাচারের অভিযোগ জড়িত রয়েছে। সাইপ্রাসে এস আলমের বাড়ি ছাড়াও সিঙ্গাপুরসহ আরও কয়েকটি দেশে তাঁর সম্পত্তি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তদন্তকারীরা জানান, জালিয়াতির মাধ্যমে ঋণ নেওয়া এবং অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। ২০১৬ সালে গোল্ডেন পাসপোর্ট স্কিমের মাধ্যমে এস আলম সাইপ্রাসের নাগিকত্ব লাভ করেছিলেন।
তবে বাংলাদেশ কর্তৃপক্ষের থেকে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর তাঁর সেই নাগরিকত্ব বাতিল করে দেয় সাইপ্রাস সরকার। অন্যদিকে সম্পত্তি জব্দের আদেশ জারির পর বাংলাদেশেও একটি মামলায় এস আলমকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
অবশ্য এস আলম আন্তর্জাতিক ল ফার্মের মাধ্যমে তাঁর বিরুদ্ধে আনা সমস্ত আর্থিক জালিয়াতির অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, এই বিনিয়োগের অর্থ সম্পূর্ণ বৈধ বিদেশি উৎস থেকে এসেছে এবং এই আইনি ব্যবস্থা অযৌক্তিক।
Published by AjkerNewsBD

Leave a Reply