ঈদে দুই পক্ষে সংঘর্ষ, নামাজ না পড়েই রক্তক্ষয়ী মারামারি

ঈদে দুই পক্ষে সংঘর্ষ

ফরিদপুরের ভাঙ্গায় পবিত্র ঈদুল আজহার মাংস ভাগ করা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। নামাজ ও কোরবানি বাদ দিয়ে ঈদে দুই পক্ষে সংঘর্ষ বাঁধলে নারী ও পুরুষসহ ৩০ জন আহত হন।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের পূর্ব আড়ুয়াকান্দী গ্রামের ঈদগাহ ময়দানে এই ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে ৪-৫টি বাড়িঘরে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কোরবানির মাংস বণ্টন পদ্ধতি নিয়ে কথা-কাটাকাটির জেরে ঈদে দুই পক্ষে সংঘর্ষ শুরু হয়। গ্রামের মোল্লা পক্ষ ও মাতুব্বর পক্ষের মধ্যে এই মারামারি হয়।

দরিদ্রদের ভাগের মাংস মসজিদ থেকে নাকি বাড়ি থেকে দেওয়া হবে— তা নিয়ে দ্বন্দ্বের সূত্রপাত। একপর্যায়ে উভয় পক্ষ রামদা, ছ্যানদা ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

এতে গ্রামে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ঈদের নামাজ পড়া বন্ধ হয়ে যায়। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Published by AjkerNewsBD

Leave a Reply

Your email address will not be published.

© 2026 AjkerNewsBD

Translate »