একদিনে ৬ জেলায় সড়ক দুর্ঘটনায় ২৫ জনের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন

পবিত্র ঈদুল আজহার মাত্র দুদিন আগে দেশের ছয়টি জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৫ জন। সোমবার ভোর থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময়ে মহাসড়ক ও আঞ্চলিক সড়কে এই মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটে।

ভয়াবহ এসব দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহতও হয়েছেন। নিহতদের মধ্যে সর্বোচ্চ টাঙ্গাইল জেলায় ১৫ জন, বগুড়ায় চারজন, কিশোরগঞ্জে তিনজন এবং গোপালগঞ্জ, চাঁদপুর ও ঝালকাঠিতে একজন করে রয়েছেন।

ঈদের আনন্দ ভাগ করতে গিয়ে এভাবে একদিনে দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এতগুলো মানুষ, যা পরিবারগুলোতে শোকের ছায়া ফেলেছে।

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হন। এ ঘটনায় আহত হন অন্তত আরও ১০ জন। ভোর ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সারতৈল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ১৩ জনেরই বাড়ি নওগাঁর মান্দা উপজেলায়। মূলত কম খরচে বাড়ি ফেরার তাড়নায় ট্রাকে চড়েছিলেন এই খেটে খাওয়া মানুষগুলো।

বগুড়া: এই জেলায় আলাদা দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় অজ্ঞাত যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা আনিছুর রহমান ও তাঁর দুই বছরের কন্যা পুষ্প নিহত হন। অন্যদিকে কাহালু উপজেলার কাজিপাড়া এলাকায় বাসচাপায় ভ্যানযাত্রী মা জেমি আকতার ও তাঁর মেয়ে তনু আকতার নিহত হয়েছেন।

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের মিঠামইনে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে একই পরিবারের তিনজন নিহত হন। অলওয়েদার সড়কের কাস্তল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—মনির হোসেন, তাঁর স্ত্রী মুন্নি আক্তার ও তাঁদের শিশু সন্তান আয়ান। বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে এই ঘটনা ঘটে।

গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদরে প্রাইভেটকার ও মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে একটি যাত্রীবাহী বাস ছিটকে গভীর খাদে পড়ে চালক নিহত হন। দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের সোনাসুর এলাকায় এ দুর্ঘটনায় বাসের অন্তত ৫০ জন যাত্রী আহত হন।

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে ভেকু মেশিনের ধাক্কায় সিহাব উদ্দীন নামে ব্র্যাকের এক মাঠকর্মী নিহত হয়েছেন। সকাল সাড়ে ৯টার দিকে বরিশাল-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ রাজাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে খাল খননের ভেকু মেশিনের হাতা ঘুরে তাঁর মাথায় সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

Published by AjkerNewsBD

Leave a Reply

Your email address will not be published.

© 2026 AjkerNewsBD

Translate »