খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) আধুনিক ও টেকসই খুলনা বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে। নগরীর সলুয়ায় নির্মাণাধীন বর্জ্য রিসাইক্লিং প্লান্টটি আগামী নভেম্বরে চালু হলে প্রতিদিন ৩৫০ টন বর্জ্য প্রক্রিয়াজাত করা সম্ভব হবে। এই প্লান্ট চালু হওয়ার পর বর্জ্যকে ব্যবসায়িক পণ্য হিসেবে রূপান্তর করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
সোমবার (২৫ মে) বিকেলে নগরীর ২৭ নং ওয়ার্ডে ‘মডেল ওয়ার্ড’ বাস্তবায়নে নাগরিক অংশগ্রহণ বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। পরিবেশ সুরক্ষা মঞ্চ-খুলনা ও বেসরকারি সংস্থা ‘পরিবর্তন’-এর যৌথ আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় কেসিসি প্রশাসক নগরবাসীকে যত্রতত্র বর্জ্য না ফেলে নির্দিষ্ট স্থানে সংরক্ষণের আহ্বান জানান। বর্জ্য পৃথকীকরণ পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, আধুনিক খুলনা বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে নাগরিক সচেতনতা অপরিহার্য। সভায় খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ওয়াসিউল ইসলাম ডিজিটাল প্রেজেন্টেশনের মাধ্যমে পরিবেশ সুরক্ষা ও পরিচ্ছন্নতা বজায় রাখার বিভিন্ন কৌশল তুলে ধরেন। ২৭ নং ওয়ার্ডকে মডেল হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থী, তরুণ সমাজ ও স্থানীয় ধর্মীয় নেতাদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিকদের অঙ্গীকার ও পরিবেশ সংক্রান্ত সরকারি নির্দেশনা মেনে চলার মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য খুলনা গড়ে তোলাই বর্তমান লক্ষ্য।
