ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জামায়াতের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়ার নানা কারণ বলেছেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ভারত-যুক্তরাষ্ট্র ও বিদ্যমান আইনসহ বিভিন্ন বিষয়ে মতানৈক্যের কথা জানান তিনি।
সোমবার রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, নতুন দল অন্তর্ভুক্তি ও আসন বণ্টনে একক সিদ্ধান্ত নেওয়ার কারণে জামায়াতের সঙ্গে সমঝোতা ভেঙে যায়। এছাড়া ভারত-আমেরিকার সঙ্গে গোপন বৈঠকও এর অন্যতম কারণ।
তিনি অভিযোগ করেন, মার্কিনিদের সঙ্গে বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ‘উগ্রবাদী’ বলে ‘সার্টিফাই’ করার কারণে দূরত্ব তৈরি হয়। এরপর নানা প্রচেষ্টা করেও সমঝোতা রক্ষা করা যায়নি।
রেজাউল করীম আরও বলেন, “আমরা শুধু এমপি ও মন্ত্রিত্বের জন্য রাজনীতি করি না। আমরা ইসলাম ও দেশের পক্ষে অটল থাকব।”
মতবিনিময় সভায় ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের জন্য নিজেদের মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করে দলটি।
জুলাই সনদের বিষয়ে চরমোনাই পীর বলেন, প্রধানমন্ত্রী এই সনদ অক্ষরে অক্ষরে পালন করার যে প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা তার ওপর আস্থা রাখতে চাই।
এ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক বাণিজ্য চুক্তিকে ‘গোলামির চুক্তি’ আখ্যায়িত করে তা বাতিলের দাবি জানান তিনি।
পশ্চিমবঙ্গের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, বিজেপি যা করছে তা কোনো সভ্য রাষ্ট্র করতে পারে না। ভারতকে এই বর্বরতা থেকে বিরত থাকতে হবে।
Published by AjkerNewsBD

Leave a Reply