কাঁচা পাট রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও বকেয়া পরিশোধের দাবিতে খুলনার দৌলতপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পাট শ্রমিকরা। মঙ্গলবার সকালে এই কর্মসূচি পালন করা হয়।
দৌলতপুর রেলিগেট মোড় এলাকায় জুট প্রেস অ্যান্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়নের ব্যানারে এই আন্দোলন অনুষ্ঠিত হয়।
শ্রমিকরা প্রথমে বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ) ভবনের সামনে দৌলতপুরে সড়ক অবরোধ করে অবস্থান নেন।
এ সময় উত্তেজিত শ্রমিকদের একটি অংশ বিজেএ ভবনের বাইরে ইটপাটকেল নিক্ষেপ ও জানালার কাচ ভাঙচুর করে।
পরে খুলনা মেট্রোপলিটন পুলিশ ও শ্রমিক নেতাদের তাৎক্ষণিক হস্তক্ষেপে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
বিক্ষোভ সমাবেশে শ্রমিক নেতারা অভিযোগ করেন, কাঁচা পাট রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপের পর থেকে পাট খাত মারাত্মক সংকটে পড়েছে।
গত নয় মাস ধরে অসংখ্য শ্রমিক কর্মহীন অবস্থায় পরিবার-পরিজন নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন বলে দাবি করেন তারা।
দ্রুত কাঁচা পাট রপ্তানি চালু করা না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
এদিকে একই সময়ে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ) ভবনে এক সংবাদ সম্মেলনে রপ্তানি বন্ধের তীব্র প্রতিবাদ জানানো হয়।
বিজেএ চেয়ারম্যান খন্দকার আলমগীর কবির বলেন, দ্রুত কাঁচা পাট রপ্তানি চালু না হলে ঐতিহ্যবাহী পাটশিল্প পুরোপুরি ধ্বংসের মুখে পড়বে।
