চাঁদপুরে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেড স্থাপনের সম্ভাব্য স্থান নির্ধারণে প্রাথমিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)।
প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফরের পর ঘোষিত উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবে এই কার্যক্রম শুরু করা হয়েছে।
এ লক্ষ্যে বেপজার নির্বাহী পরিচালক সমীর বিশ্বাস স্বাক্ষরিত এক চিঠিতে নয় সদস্যের একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়।
চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মৌজা বা আশপাশের এলাকায় নতুন রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেড স্থাপনের উপযোগিতা যাচাই করবে এই কমিটি।
কমিটি স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সরেজমিন পরিদর্শন এবং অর্থনৈতিক সম্ভাব্যতা বিবেচনা করে প্রতিবেদন প্রস্তুত করবে।
আগামী ৩০ দিনের মধ্যে এই প্রাক-সম্ভাব্যতা যাচাই প্রতিবেদনটি বেপজা চেয়ারম্যানের কাছে জমা দিতে বলা হয়েছে।
এদিকে চাঁদপুরে ইপিজেড স্থাপনের এই নতুন উদ্যোগকে ঘিরে স্থানীয়দের মাঝে ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
অনেকে মনে করছেন, এটি দ্রুত বাস্তবায়িত হলে জেলাটিতে শিল্পায়ন ও ব্যাপক কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে।
চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, প্রধানমন্ত্রী জেলাবাসীর প্রাণের দাবিগুলো অবশ্যই পূরণ করবেন।
এর আগে গত ১৬ মে চাঁদপুর সফরে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান একাধিক উন্নয়ন কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
