শীর্ষ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী পিচ্চি রাজা গ্রেপ্তার

শীর্ষ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী পিচ্চি রাজা গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী হিসেবে পরিচিত ‘পিচ্চি রাজা’কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা গ্রেপ্তারের এই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নেপাল থেকে দেশে ফেরার পরপরই এই শীর্ষ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

বেশ কয়েকমাস ধরেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পিচ্চি রাজার গতিবিধি কঠোর নজরদারিতে রেখেছিল বলে পুলিশ কর্মকর্তা জুয়েল রানা জানান।

গত শনিবার সে গোপনে নেপালে চলে যায়। পুলিশ নেপাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তার অবস্থানের বিষয়টি নিশ্চিত করে।

গ্রেপ্তারের বিষয়টি টের পেয়ে পিচ্চি রাজা দ্রুত বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত নেয়। তবে বিমানবন্দরে আগে থেকেই পুলিশ প্রস্তুত ছিল।

নেপাল থেকে ফেরার পর পিচ্চি রাজার সঙ্গে থাকা তার স্ত্রী এবং শ্যালককেও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, পিচ্চি রাজা দীর্ঘদিন ধরে রাজধানীতে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে ২৫ থেকে ২৭টি মামলা রয়েছে।

Translate »