ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও সরকারকে কঠোর হুঁশিয়ারি জানিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, সরকারি দল যদি সহিংসতাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে বেছে নেয়, তবে এনসিপিও পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আসিফ মাহমুদ বলেন, “আমরা সদিচ্ছা দেখালেও সরকারি দল সহিংসতা চাইছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আমরা দেখিয়ে দিয়েছি সহিংসতা কীভাবে মোকাবিলা করতে হয়। আশা করি, একই ভুল তারেক রহমান করবেন না।” নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় জড়িতদের রাতের মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়ে তিনি বর্তমান সরকারের ব্যর্থতা ও অস্থিরতার সমালোচনা করেন।
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমও এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “ছাত্রদল–যুবদল আমাদের সহযোদ্ধা ছিল। কিন্তু তারা যদি এখন সন্ত্রাসী কায়দায় আন্দোলন দমন করতে চায়, তবে তাদের পতন হবে আরও ভয়াবহ।” অনুষ্ঠানের পর দলটির নেতাকর্মীরা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও রাজনৈতিক প্রতিহিংসার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাব এলাকায় বিক্ষোভ মিছিল করেন।
Published by AjkerNewsBD

Leave a Reply