ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর শহরের পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে তাকে লক্ষ্য করে ডিম, ইট-পাটকেল নিক্ষেপ ও হকিস্টিক দিয়ে অতর্কিতভাবে আঘাত করা হয়।

ফেসবুকের এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, জুমআর নামাজ শেষ করে বের হওয়ার সময় পুলিশের উপস্থিতিতেই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের দ্বারা তিনি হামলার শিকার হন। এ সময় তাকে কিল-ঘুষি মারা হয় এবং তার সঙ্গীসহ তিনজনের মাথা ফাটিয়ে দেওয়া হয়। এছাড়া হামলাকারীরা ক্যামেরা, মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন তিনি। নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রসঙ্গে এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা উদ্বেগ প্রকাশ করে বলেন, “আমরা মসজিদেও নিরাপদ নই, তাহলে দেশ কোথায় নিরাপদ?”

নাসীরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের কাছে দাবি করেন, স্থানীয় রাজনৈতিক নেতাদের মদদপুষ্ট সন্ত্রাসীরা তাদের ওপর এই সশস্ত্র হামলা চালিয়েছে। তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। তিনি বলেন, “আইনমন্ত্রী যখন সন্ত্রাসী হন, তখন তার হাতে দেশ নিরাপদ নয়।”

ঘটনার পর এনসিপি নেতারা থানায় অবস্থান নিয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। তবে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল দাবি করেছেন, এ ঘটনায় ছাত্রদলের কেউ জড়িত নয়। নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও পরবর্তী পরিস্থিতি নিয়ে পুলিশের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।

Published by AjkerNewsBD

Leave a Reply

Your email address will not be published.

© 2026 AjkerNewsBD

Translate »