মরিয়মের বস্তাবন্দি মরদেহ উদ্ধার: দম্পতির কাণ্ড

মরিয়মের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের একদিন পর গৃহশিক্ষিকা মরিয়মের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে পৌর এলাকার চৌকাপাড়ার একটি বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, কানের দুলের জন্য ওই গৃহশিক্ষিকাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহত মরিয়ম বেগম পৌর এলাকার উজ্জ্বলপাড়ার বাসিন্দা ছিলেন।

জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরিয়মের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় জড়িত দম্পতিসহ তিনজনকে আটক করা হয়েছে।

আটকরা হলেন— ওই বাড়ির মালিক মো. রুবেল, তাঁর স্ত্রী সুমি খাতুন এবং স্থানীয় এক স্বর্ণকার দীপক কুমার।

মরিয়মের ছেলে মারুফ হোসেন বনি জানান, সোমবার রাতে মাকে খুঁজে না পেয়ে তিনি রুবেলের বাড়িতে খোঁজ নিতে গিয়েছিলেন।

তখন রুবেল দম্পতি দাবি করেছিলেন, প্রাইভেট পড়ানো শেষ করে মরিয়ম বেগম অনেক আগেই বাড়ি চলে গেছেন।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, মরিয়ম সোমবার সকালে রুবেলের সন্তানদের প্রাইভেট পড়াতে গিয়ে আর ফেরেননি।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দম্পতি স্বীকার করেছে যে, স্বর্ণের কানের দুলের লোভেই তারা মরিয়মকে হত্যা করেছে।

হত্যাকাণ্ডের পর সুমি খাতুন ওই দুল দুটি এক স্বর্ণকারের কাছে বিক্রি করেছিলেন। পুলিশ দুলসহ ওই স্বর্ণকারকেও আটক করেছে।

Translate »