খাদ্য পরিবহন ঠিকাদার সমিতি দখল নিয়ে সংঘর্ষ: গুলিবিদ্ধ ১

খাদ্য পরিবহন ঠিকাদার সমিতি

খুলনা খাদ্য পরিবহন ঠিকাদার সমিতি দখল নিতে দু’গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় শেখ হারুনুর রাশিদ (৬২) নামে এক ঠিকাদার গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার দুপুর ১ টার দিকে নগরীর খানজাহান আলী রোডের শান্তিধাম মোড় এলাকায় এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

আল হেরা জামে মসজিদের তৃতীয় তলায় খাদ্য পরিবহন ঠিকাদার সমিতি কার্যালয়ে হামলা চালালে এই পরিস্থিতি তৈরি হয়।

গুলিবিদ্ধ ঠিকাদার হারুনুর রাশিদ খালিশপুর থানার নয়াবাটি এলাকার বাসিন্দা শেখ আব্দুর রউফের ছেলে। ঘটনার পর তাকে দ্রুত উদ্ধার করা হয়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

সমিতির নেতৃত্ব ও কার্যালয়ের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে তীব্র উত্তেজনা চলছিল।

খবর পেয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ ও ডিবির একাধিক টিম দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানায়, হামলাকারীদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তারে নগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চলছে।

Translate »