মোরেলগঞ্জে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

খুলনা যুবক হামলা

বাগেরহাটের মোরেলগঞ্জে মিন্টু শেখ ওরফে মিঠু শেখ (৪৫) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় হোগলাপাশা ইউনিয়নের বৌলপুর গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে।

হত্যাকাণ্ডের সময় দুর্বৃত্তরা মিঠু শেখের ডান হাত শরীর থেকে কেটে বিচ্ছিন্ন করে নিয়ে গেছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

স্থানীয়রা জানান, বিকেলে মাঠের কাজ শেষে বাড়ি ফেরার পথে ওত পেতে থাকা দুর্বৃত্তরা এই বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করেছে

গুরুতর রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত মিঠু শেখ হোগলাপাশা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সক্রিয় সদস্য ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইয়াদ এই বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচার দাবি করেছেন।

মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, ঘটনার পর পরই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

পলাতক হত্যাকারীদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতারের লক্ষ্যে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে বলে ওসি জানান।

Translate »