বাংলাদেশিদের জন্য সহজ হচ্ছে ভারত মেডিকেল ভিসা

বাংলাদেশিদের জন্য স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনার কথা জানিয়ে ভারত চিকিৎসা সহযোগিতা জোরদারের ঘোষণা দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। তিনি বলেছেন, স্বল্পব্যয়ে মানসম্মত চিকিৎসা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় তিনি জানান, বাংলাদেশের চিকিৎসাখাতের সক্ষমতা বাড়াতে যৌথ উদ্যোগে কাজ করতে আগ্রহী ভারত।

এই প্রেক্ষাপটে ভারত চিকিৎসা সহযোগিতা আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করা হয়। হাইকমিশনার বলেন, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক কেবল সরকার পর্যায়ে সীমাবদ্ধ নয়, বরং বিভিন্ন প্রতিষ্ঠানকেও সম্পৃক্ত করছে। এটি একটি জনকেন্দ্রিক উদ্যোগ হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে মেডিকেল ট্যুরিজম খাত সুসংগঠিত করতে দুই দেশের বেসরকারিখাতকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। আয়োজকদের মতে, নতুন এই চুক্তির মাধ্যমে বাংলাদেশি রোগীরা ভিসা সহায়তা, উন্নত চিকিৎসা, আবাসন এবং বিমান ভাড়ায় বিশেষ সুবিধা পাবেন।

হাইকমিশনার আরও বলেন, ভারতের স্বাস্থ্যসেবা খাত বিশ্বজুড়ে স্বীকৃত এবং এই সহযোগিতা জ্ঞান বিনিময় ও প্রাতিষ্ঠানিক অংশীদারিত্বের নতুন দিগন্ত উন্মোচন করবে।

সম্প্রতি খলিলুর রহমান-এর ভারত সফরের সময় তার সঙ্গে বৈঠকে এস জয়শঙ্কর বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়ী ভিসা সহজ করার আশ্বাস দেন।

আলোচনায় ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে গঠনমূলক সম্পর্ক জোরদার করার আগ্রহও পুনর্ব্যক্ত করা হয়। কূটনৈতিক সূত্রে জানা গেছে, অগ্রাধিকার ভিত্তিতে খুব দ্রুত বাংলাদেশের নাগরিকদের জন্য চিকিৎসা ভিসা চালু করা হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর ভারত বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করেছিল, যা এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি।