মোটরসাইকেল ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

মোটরসাইকেল ট্রাকের মুখোমুখি সংঘর্ষে

বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কের চুলকাঠির ভট্ট বালিঘাটায় মোটরসাইকেল ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে আব্দুল কাদের নামের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি বাগেরহাটের ফকিরহাট থানার জাড়িয়া ভবনা এলাকার বাসিন্দা ও চালক ছিলেন।

হাইওয়ে পুলিশ জানায়, মোংলা থেকে একটি মোটরসাইকেলে তিন আরোহী খুলনার উদ্দেশ্যে যাওয়ার সময় মোটরসাইকেল ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

ধাক্কা লেগে মোটরসাইকেলটি ট্রাকের নিচে চলে গেলে ঘটনাস্থলেই একজন আরোহী প্রাণ হারান।

বাকি দুই আরোহীকে গুরুতর আহত অবস্থায় ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে যান।

তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে ওই দুই জনের মৃত্যু হয় বলে কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেছেন।

বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এজাজুল ইসলাম জানান, দুই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

কাটাখালী হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. জাফর আহমেদ জানান, নিহত অন্য দুই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

দুর্ঘটনা কবলিত যান দুটিকে সড়ক থেকে সরিয়ে হাইওয়ে পুলিশ ফাঁড়ির হেফাজতে নেওয়া হয়েছে।

Published by AjkerNewsBD

Leave a Reply

Your email address will not be published.

© 2026 AjkerNewsBD

Translate »