খুলনায় নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিক্রির জন্য পৃথক বাজার তৈরি করা হবে। সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এই তথ্য জানিয়েছেন।
সোমবার বিকেলে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মূলত স্থানীয় বাজারে নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য সহজে বিপণনের জন্য স্থায়ী জায়গা খুঁজছে কেসিসি। ইতোমধ্যে জেলা প্রশাসকের সঙ্গে কথা হয়েছে।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না হলে অর্থনীতির সামগ্রিক উন্নতি সম্ভব হবে না।
জাগ্রত যুব সংঘ (জেজেএস) আয়োজিত এই অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেসিসির আর্কিটেক্ট রেজবিনা খানম এবং মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুরাইয়া সিদ্দিকা।
দুর্যোগে ঘরবাড়ি হারিয়ে খুলনা শহরে আশ্রয় নেওয়া নারীদের বিভিন্ন বিষয়ে অন-জব ট্রেনিং দিয়ে কর্মক্ষম করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি কেসিসি প্রশাসক প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রত্যেক নারীর হাতে ২৭ হাজার টাকার চেক তুলে দেন।
