পরিবেশের সুরক্ষায় এখনি দায়িত্বশীল না হলে আমাদের নানা ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে। খুলনা নগরীর শহিদ হাদিস পার্কে বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এ কথা বলেন।
শুক্রবার বিকেলে পূর্ণিমা যুব ফোরাম-খুলনা এই বিশেষ সচেতনতামূলক র্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। বৈশ্বিক উষ্ণতায় ইতোমধ্যে এ অঞ্চলের বৃক্ষরাজি ও প্রাণিকূল মারাত্মক ঝুঁকির মধ্যে পড়তে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, এই প্রতিকূল পরিবেশ মোকাবেলায় আমাদের এখনি সম্মিলিতভাবে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করতে হবে। বিশ্ব পরিবেশ দিবস পালন এর এই মঞ্চ থেকে সুন্দরবন রক্ষা ও সবুজ বেষ্টনী গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়।
কেসিসি প্রশাসক আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গু ও চিকনগুনিয়া সংক্রমণের বিষয়েও নগরবাসীকে বিশেষভাবে সচেতন থাকার আহ্বান জানান। একই সাথে পরিবেশ দূষণ বন্ধে নিজ নিজ বাড়ির আঙিনা পরিচ্ছন্ন রাখার জন্য তিনি সবার প্রতি অনুরোধ করেন।
অনুষ্ঠানে কেসিসি প্রশাসক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে আকর্ষণীয় পুরস্কার এবং উপস্থিত সকলের মাঝে গাছের চারা বিতরণ করেন। এরআগে তিনি পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক একটি বর্ণাঢ্য র্যালির নেতৃত্ব দেন, যা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পূর্ণিমা যুব ফোরামের চেয়ারম্যান নাসরিন রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক সরদার শরিফুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া খুলনার বিভিন্ন স্থানীয় যুব ও নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালকরা এই সচেতনতামূলক অনুষ্ঠানে অংশ নেন।
