খুলনা বিভাগে ডেঙ্গু লাফিয়ে বাড়ছে: একদিনে ভর্তি ৩৫

খুলনা বিভাগে ডেঙ্গু

২৪ ঘণ্টায় নতুন ৩৫ রোগী হাসপাতালে ভর্তি

খুলনা বিভাগে ডেঙ্গু জ্বরের সংক্রমণে আক্রান্ত রোগীর সংখ্যা হঠাৎ আশঙ্কাজনকভাবে বাড়ছে। মাত্র একদিনের ব্যবধানে হাসপাতালে নতুন রোগী ভর্তির সংখ্যায় বড় লাফ দেখা গেছে। শনিবার যেখানে নতুন রোগী ছিল মাত্র ৫ জন, সেখানে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন আরও ৩৫ জন ডেঙ্গু রোগী।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯০ জনে। এর মধ্যে ৪১৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও বর্তমানে ৬৬ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি চাপ পড়েছে বাগেরহাটে, সেখানে নতুন করে ২০ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া খুলনা জেলায় ৩ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তবে আশস্ত করার মতো তথ্য হলো, চুয়াডাঙ্গা জেলা এখন পর্যন্ত সম্পূর্ণ ডেঙ্গুমুক্ত রয়েছে।

সচেতনতা বৃদ্ধি ও খুলনা বিভাগে ডেঙ্গু প্রতিরোধ

চলতি বছরে এই বিভাগে মোট ৩ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। বর্ষা মৌসুম শুরু হওয়ায় খুলনা বিভাগে ডেঙ্গুর বিস্তার আরও বাড়ার আশঙ্কা করছে স্বাস্থ্য বিভাগ। এডিস মশার বংশবৃদ্ধি রোধে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর থেকে জনগণকে বাড়ির চারপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন:

Translate »