সোনাডাঙ্গার ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি গ্রেফতার

সোনাডাঙ্গার ট্রিপল মার্ডার মামলার

খুলনার সোনাডাঙ্গা থানার চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার ১ নম্বর আসামি মোঃ রফিকুল ইসলাম হাওলাদারকে বরিশাল থেকে গ্রেফতার করেছে র‌্যাব। সোনাডাঙ্গার ট্রিপল মার্ডার মামলার প্রধান এই আসামিকে গ্রেফতারের বিষয়টি আজ শুক্রবার নিশ্চিত করেছে র‌্যাব-৬।

র‌্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ জানান, র‌্যাব-৬ এবং র‌্যাব-৮ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বরিশাল জেলার কোতোয়ালি থানার কাশিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গত ২৯ মে ঘটে যাওয়া সোনাডাঙ্গার ট্রিপল মার্ডার মামলার এই মূল হোতা এতোদিন পলাতক ছিলেন। গ্রেফতারকৃত রফিকুল ইসলাম হাওলাদার খুলনা দৌলতপুর থানার মো. আলমগীর হাওলাদারের ছেলে বলে জানা গেছে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে ইতিমধ্যেই খুলনার সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। নৃশংস এই হত্যাকাণ্ডের পর থেকেই রফিকুলকে গ্রেফতারে জোর তৎপরতা চালাচ্ছিল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

উল্লেখ্য, গত ৩০ মে সন্ধ্যায় সোনাডাঙ্গা এলাকার দারুল আমান মহল্লার একটি ভাড়া বাসা থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন নানী বেবি বেগম এবং তাঁর দুই নাতি শামীম ব্যাপারী ও মোস্তাকিম।

নানী ও দুই নাতিকে হত্যার পর লাশ ট্রাঙ্ক ও ওয়্যারড্রবে লুকিয়ে রেখে পালিয়েছিল ঘাতক রফিকুল। প্রধান আসামি গ্রেফতার হওয়ায় এই নৃশংস হত্যাকাণ্ডের সঠিক বিচার মিলবে বলে আশা করছেন নিহতের স্বজনরা।

Translate »