রংপুরে এএসআই হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড ও জরিমানা

রংপুরে হারাগাছ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম হত্যা মামলার আসামি পারভেজ রহমান পলাশ (২৬)-কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে রংপুরের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মার্জিয়া খাতুন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত পলাশ হারাগাছ থানার বাহারকাছনার তেলিপারার বাসিন্দা জাহিদুল ইসলামের ছেলে। আদালত তাকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর নগরীর সাহেবগঞ্জ এলাকায় মাদকাসক্ত পলাশের ছুরিকাঘাতে গুরুতর আহত হন এএসআই পিয়ারুল ইসলাম। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর পুলিশ বাদী হয়ে হত্যা ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করে এবং আসামিকে গ্রেপ্তার করে। মামলায় ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও উভয়পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে আদালত এ রায় প্রদান করেন।

এছাড়া, অপর দুটি ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় পলাশকে আরও ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এ এস এম মাহামুদুল করিম লিটন জানান, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই দণ্ডাদেশ দিয়েছেন। রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।

Published by AjkerNewsBD

Source: AjkerNewsBD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2026 AjkerNewsBD

Translate »

© 2026 AjkerNewsBD | All rights reserved