দেশের ধর্মীয় ও প্রশাসনিক অঙ্গনে এক নতুন অধ্যায়ের সূচনা করে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক মুফতি মুহাম্মদ মুহিববুল্লা হিল বাকীকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়েছে সরকার। শুক্রবার (২২ মে) ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, ইসলামিক ফাউন্ডেশন আইন, ১৯৭৫ অনুযায়ী তাকে পরবর্তী এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। প্রশাসনিক ইতিহাসে এটি একটি তাৎপর্যপূর্ণ ঘটনা, কারণ প্রথমবারের মতো একজন পেশাদার আলেম ও মসজিদের ইমামকে সচিব পদমর্যাদার এই উচ্চ পদে দায়িত্ব দেওয়া হলো।
মুফতি মুহিববুল্লা হিল বাকী কওমি, আলিয়া ও আধুনিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার এক অনন্য সমন্বয়ে নিজেকে গড়ে তুলেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জনসহ তার বর্ণাঢ্য একাডেমিক ও কর্মজীবন রয়েছে। বিশেষ করে ইসলামী অর্থনীতি ও শরীয়াহভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার উন্নয়নে তিনি দীর্ঘসময় ধরে কাজ করছেন। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক নিয়োগ প্রাপ্ত হওয়ার আগে তিনি সেন্ট্রাল শরীয়াহ কাউন্সিল ফর ইসলামী ব্যাংকস অব বাংলাদেশ-এর মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার এই নিয়োগ প্রতিষ্ঠানের কার্যক্রমে নতুন গতি ও আধুনিকতা যোগ করবে বলে আশা প্রকাশ করছে ইসলামিক ফাউন্ডেশন।
Published by AjkerNewsBD

Leave a Reply