
খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)-তে উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় পরিবার বরণ করে নেয় নতুন বছরকে।
সকালে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালির হাজার বছরের সংস্কৃতি, ঐতিহ্য ও আত্মপরিচয়ের উজ্জ্বল প্রতীক। এ আয়োজন আমাদের সংস্কৃতির প্রতি দায়বদ্ধতা ও ভালোবাসার বহিঃপ্রকাশ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, নববর্ষ উদযাপন কমিটির সভাপতি প্রফেসর ড. রুমানা হক, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান এবং সদস্য সচিব প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাতসহ অন্যান্যরা।
অনুষ্ঠান শেষে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে হাদী চত্বর থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহ্যবাহী মোটিফ, মুখোশ, আল্পনা ও ঢাক-ঢোলের তালে শোভাযাত্রাটি পুরো ক্যাম্পাসে ছড়িয়ে দেয় নববর্ষের আনন্দঘন আবহ।
পরে কেন্দ্রীয় মাঠে বৈশাখী মেলার উদ্বোধন করেন উপাচার্য। মেলায় শিক্ষার্থীদের উদ্যোগে পিঠা-পুলি, হস্তশিল্প, ঐতিহ্যবাহী পোশাকসহ নানা পণ্যের স্টল বসানো হয়। শিশুদের জন্য ছিল নাগরদোলা, ম্যাজিক শোসহ বিভিন্ন বিনোদন আয়োজন।
বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও বিপুল সংখ্যক দর্শনার্থীর উপস্থিতিতে পুরো ক্যাম্পাস পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়। নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয় প্রয়োজনীয় ব্যবস্থা।
Published by AjkerNewsBD
Source: AjkerNewsBD